বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ পেয়াঁজের মতো লবণের সংকট ও তার দামও বাড়তে পারে। এমন গুজবে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে লবণ কেনার হিড়িক পড়েছে। অধিকাংশ দোকানপাটে লবণ সংকটের সৃষ্টি হয়েছে। অসৎ ব্যবসায়ীরা লবন মজুদেরও চেষ্টা করছে। তবে ইতিমধ্যেই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে গুজব ঠেকাতে জেলা উপজেলা শহরে মাইকিং করা হচ্ছে এবং মসজিদ থেকেও এই লবনের গুজব ঠেকাতে মাইকিং করা হচ্ছে। সেইসাথে একাধিক ভ্রাম্যমান আদালত বাজারে নেমেছে। ইতিমধ্যেই অসৎ ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা নেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, সোমবার সন্ধ্যার পর থেকে জেলা উপজেলা শহরসহ বিভিন্নস্থানে লবণ সংকটের গুজব উঠছে। পেয়াঁজের মতো লবণের দামও বাড়বে বলে এই গুজব ছড়িয়ে পড়ে। এ গুজবে সাড়া দিয়ে মঙ্গলবার শহরাঞ্চলের বিভিন্ন স্থানে এই লবণ কেনার হিড়িক পড়ে যায়। আগের নির্ধারিত দামেই অনেক পরিবার ৫/১০ কেজি করে এই লবণ ক্রয় করে মজুদ করে রাখছে। এতে বিকেল থেকে শহরাঞ্চলের অধিকাংশ দোকানপাটে প্যাকেটজাত লবণ ও খোলা লবণ সংকটের সৃষ্টি হয়েছে। জেলা প্রশাসক ড.ফারুক আহম্মদ এ প্রতিবদেককে বলেন, দেশে লবণের কোনো ঘাটতি নেই। বর্তমানে সাড়ে ৬ লাখ মেট্রিক টনের বেশি ভোজ্য লবণ মজুদ রয়েছে। লবণ সংকট ও তার মূল্য বৃদ্ধির গুজব ঠেকাতে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে এবং অসৎ লবন ব্যাবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এমন গুজব ঠেকাতে আগামীকাল (বুধবার) সকালে ব্যাবসায়ী, সাংবাদিক ও জনপ্রতিনিধিদের নিয়ে জরুরি মিটিং আহব্বান করা হয়েছে। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, লবণের সংকটের গুজব ঠেকাতে পুলিশের তৎপরতা শুরু হয়েছে। জেলার সবকয়টি থানা এলাকায় মাইকিং করছে পুলিশ। লবণ সংকটের এমন গুজব ছড়ানো মহলকে খুঁজে বের করার জোর চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।