বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ায় সরকারি সংস্থা টিসিবির মাধ্যমে দুই টন পিঁয়াজ বিক্রি করা হয়েছে। বুধবার দুপুরে শহরের সার্কিট হাউজের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জনগণ সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজি দরে পিঁয়াজ কেনেন। প্রতি কেজিতে অন্তত ২০০ টাকা সাশ্রয় হওয়ায় জনগণ সন্তুষ্ট হয়েছেন।
পিঁয়াজের বাজার লাগামহীন হওয়ায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যম বুধবার ন্যায্য মূল্যে দুই টন পেঁয়াজ বিক্রি করে। মিশর থেকে আমদানি করা এ পেঁয়াজ প্রতিকেজি ৪৫ টাকা হিসাবে দুই হাজার ক্রেতার মাঝে বিক্রি করা হয়। বেলা ২টায় জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ শহরের সার্কিট হাউজের সামনে পেঁয়াজ বিক্রির উদ্বোধন করেন। পিঁয়াজ বিক্রির খবর প্রচার হলে মুহুর্তের মধে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে যান। নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়। নারীরা আলাদা লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ সংগ্রহ করেন।
এদিকে বুধবার বগুড়ার বাজারে প্রতি কেজি বিদেশী পেঁয়াজ ১৭০ থেকে ১৮০ টাকা, দেশি শুকনা পেঁয়াজ ২২০ থেকে ২৩০ টাকা এবং পাতাসহ ৮০ থেকে ৯০ টাকা ও পাতা ছাড়া ১৬০ থেকে ১৭০ টাকায় বিক্রি হয়েছে।
শহরের বাদুড়তলার গৃহবধু ফেনসি খাতুন জানান, ন্যায্য মূল্যে পেঁয়াজ কিনতে পেরে তিনি খুশি। শহরের বড়গোলা এলাকার আব্দুস সালাম জানান, সকালে খবর পেয়ে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনা হয়েছে। পেঁয়াজগুলো সাইজে বড়। তবে এক কেজি কিনে তার ২০০ টাকা সাশ্রয় হয়েছে।
টিসিবির ডিলার গালীব ট্রের্ডাসের মালিক আব্দুর রশিদ জানান, বুধবার রাজশাহী থেকে ট্রাকে ২ টন পেঁয়াজ আনা হয়েছিল। মিশর থেকে আমদানি করা এ পেঁয়াজ জনপ্রতি প্রতি কেজি ৪৫ টাকা দরে বিক্রি করা হয়েছে। তিনি আরো জানান, আগামী রোববার বা সোমবার থেকে নিয়মিত পেঁয়াজবিক্রি করা হতে পারে।