বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, আগামী ৮ ডিসেম্বর সাড়ে ৪ হাজার নতুন ডাক্তার জেলা উপজেলার বিভিন্ন হাসপাতালে যোগদান করবে।
স্বাস্থ্য মন্ত্রী আরো বলেন আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে দেশের আটটি বিভাগে পনের তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মান করা হবে।
শনিবার বেলা ১২ টায় মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এইসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন গত চার মাসে দুই হাজার ডাক্তারকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। তারা বিভিন্ন মেডিক্যাল কলেজে পড়াশুনার পাশাপাশি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করবে। এতে করে হাসপাতালগুলোতে আর ডাক্তার সংকট থাকবে না।
তিনি বলেন জনগণের সেবার জন্য ডাক্তারদের চাকরী দেওয়া হয়েছে। নিয়মবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন আটটি বিভাগে পনের তলা বিশিষ্ট আটটি নতুন হাসপাতাল নির্মান করা হবে। এই হাসপাতালের প্রথম ছয় তলায় ক্যান্সার চিকিৎসা করা হবে এবং এরপরে কিডনির অনুমোদন দেওয়া হবে। কারন কিডনি রোগীদের ডায়ালিসিসের জন্য ঢাকায় যেতে হয়। ডায়ালিসিস করতে গিয়ে অনেক সময় গরীব মানুষ নিস্ব হয়ে যায় এবং অনেকে মৃত্যুবরণ করেন। একারনে প্রতিটি জেলায় দশ বেডের কিডনি হাসপাতাল নির্মান করা হবে।
এসময় পুলিশ সুপার রিফাত রহমান শামীম, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মো.আখতারুজ্জামান সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাদিরা আক্তার, হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. আব্দুল আওয়াল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমাউল হুসনা লিজা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।