বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ১৩টি পদের মধ্যে এ প্যানেল সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও মহাজোট সভাপতিসহ ৮টি ও বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সাধারণ সম্পাদকসহ ৫টি পদ লাভ করেছে। শুক্রবার সমিতির গওহর আলী ভবনে নির্বাচন গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা কমিটির সূত্র জানায়, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের গোলাম ফারুক ৩৫৪ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়তাবাদী ঐক্য পরিষদের দোলোয়ার হোসেন সরকার পেয়েছেন ৩২৫ ভোট। ৩৪২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন, জাতীয়তাবাদী ঐক্য পরিষদের রফিকুল ইসলাম (১)। তার নিকটতম বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের জাকির হোসেন নবাব পেয়েছেন, ৩১৯ ভোট।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্য নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি পদে মাহবুবর রহমান ফারুক ও মো: রহমতুল্লাহ, যুগ্ম সম্পাদক পদে একেএম রেজাউল হক, লাইব্রেরি ও সমাজকল্যাণ সম্পাদক পদে ইউনুস আলী, ম্যাগাজিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রিয়াজুল জান্নাত প্রিন্স এবং কার্যনির্বাহী সদস্য পদে আজিজুল হক ফিরোজ ও বেবী খাতুন নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের অন্য নির্বাচিতরা হলেন: যুগ্ম সম্পাদক পদে শফিকুল ইসলাম এবং কার্য নির্বাহী সদস্য পদে জামাল পাশা রানা, সালমা সুলতানা ও উজ্জ্বল হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির রিটার্নিং অফিসার অ্যাডভোকেট বিনয় কুমার ঘোষ রজত জানান, সমিতির গওহর আলী ভবনে শুক্রবার সকাল ৭টা হতে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। ৭০৯ জন ভোটারের মধ্যে ৬৯২ জন ভোট দেন।
বগুড়া অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে গোলাম ফারুক সভাপতি ও রফিকুল ইসলাম (১) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।