বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীতে বালুবাহী ভলগেটের ধাক্কায় ইঞ্জিনচালিত একটি ট্রলার ডুবে গেছে। এতে নিখোঁজ হয়েছে এক কলেজ ছাত্র। এই ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পদ্মা নদীর বয়ড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিখোঁজ ওই ছাত্রের নাম রনি বিশ্বাস (২৬)। তিনি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তর শেষ বর্ষের ছাত্র এবং উপজেলার চালা ইউনিয়নের দিয়াবাড়ি হাসমিলান গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। গুরুতর আহত দুইজন হলেন, মাসুদুর রহমান ও মনির হোসেন। তাঁরা জেলা শহরে বেসরকারি ক্লিনিক থেকে চিকিৎসা নিয়েছেন। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
ফায়ার সার্ভিস, স্থানীয় সূত্র এবং আহতদের পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে কয়েকজন মাসুদুর রহমানসহ স্থানীয় তরুণেরা উপজেলার বয়ড়ার চরে এলাকায় বনভোজনের আয়োজন করেন। বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলা সদরের আন্ধারমানিক খেয়া ঘাট থেকে একটি ট্রলারে করে নয়জন বয়ড়া চরে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পর পদ্মা নদীর বয়ড়া এলাকায় বালুবাহী একটি ভলগেটের ধাক্কায় ট্রলার উল্টে যায়। এতে অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও রনি নিখোঁজ হন। খবর পেয়ে পাটুরিয়া ঘাটস্থ ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। তবে রনির কোনো খোঁজ পাওয়া যায়নি। ট্রলারটিও উদ্ধার করা যায়নি। পাটুরিয়া ঘাটস্থ ফায়ার সার্ভিসের সাব-অফিসার সবজেল হোসেন বলেন, বালুবাহী ভলগেটের ধাক্কায় ট্রলার ডুবে একজন নিখোঁজ হয়েছেন বলে তাঁরা জানতে পেরেছেন। তিন ঘন্টা উদ্ধার অভিযান চালানোর পর বেলা তিনটায় অভিযান সমাপ্ত করা হয়। তবে তাঁর সন্ধান পাওয়া যায়নি।