বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় তাপমাত্রা কমতে থাকায় শীতের তীব্রতা আরো বেড়েছে। শহরের বিভিন্ন স্থানে শীত বস্ত্র বিক্রি বেড়েছে। তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বিশেষ করে ছিন্নমুল মানুষের দূর্ভোগ বৃদ্ধি পেয়েছে ।
বগুড়া আবহাওয়া অফিস জানায়, শুক্রবার সকাল ৯টায় সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সন্ধ্যা ৬টায় সর্বোচ্চ ১৮.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার একই সময় সর্বনিম্ন ১১.৫ ডিগ্রি ও সর্বোচ্চ ২১.৮ ডিগ্রি রেকর্ড করা হয়। ১৮ ডিসেম্বর বুধবার থেকে হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পায়। বগুড়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী আবহাওয়াবিদ সজিব হোসাইন জানান, শীতের তীব্রতা বেড়েছে। শনিবার এ পরিস্থিতির উন্নতি হবার সম্ভবনা রয়েছে।

শুক্রবার বগুড়া শহরের বিভিন্ন জায়গায় দেখা যায় শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় শহরের হকার্স মার্কেট, সাতমাথাসহ বিভিন্ন স্থানে গরম কাপড় বিক্রি বেড়েছে। দোকানগুলোতে জনগণের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সুযোগ বুঝে দোকানীরাও কাপড়ের দাম বৃদ্ধি করেছেন। হঠাৎ শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ছিন্নমুল বিশেষ করে স্টেশন, টার্মিনাল, খোলা মাঠ ও রোড ডিভাইডারে আশ্রয় নেয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।