বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

খালি কলসী বাজে বেশি’ অবস্থা বিএনপি’র: তথ্যমন্ত্রী

  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ৭১৭ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস:    বিএনপি’র বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ও সরকারবিরোধী ‘তুমুল’ আন্দোলনের ঘোষণাকে ‘খালি কলসী বাজে বেশি’ বলে আখ্যা দিয়েছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহ্‌মুদ।

 শনিবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চতুর্থ ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি’র ‘তুমুল আন্দোলন’ আমরা দেখেছি। তাদের যত সমাবেশ, নিজেদের মধ্যে মারামারিও তত। নেতাদের ওপর কর্মীদের আস্থা নেই। যে নেতারা বোরখা পরে আদালতে জামিন নিতে যান, তাদের ওপর কর্মীদের আস্থা না থাকাই স্বাভাবিক। তাদের আন্দোলনের ডাক শুনে মনে হয় এজন্যই বলে, ‘খালি কলসী, বাজে বেশি,’ পিআইডির এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।  

হাছান মাহমুদ  বলেন, ‘খালেদা জিয়া কোনো রাজনৈতিক বন্দী নন, যে তাকে আন্দোলন করে মুক্ত করা যাবে।’  ‘বিএনপি’র আন্দোলন কার বিরুদ্ধে?’ -প্রশ্ন রেখে তথ্যমন্ত্রী বলেন, ‘দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করতে বিএনপির আন্দোলনের হুমকি আইন ও আদালত অবমাননার শামিল।

গত বছরের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ঐক্যফ্রন্ট আহূত সমাবেশ প্রসঙ্গে ‘ঐক্যফ্রন্টের মধ্যেই ঐক্য নেই এবং তারা তাদের নিভু নিভু প্রদীপ জ্বালিয়ে রাখতেই সমাবেশের ডাক দিয়েছে’, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘ঐক্যফ্রন্ট গত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। নির্বাচিতরা শপথ নিয়েছে, এমনকি মহিলা এমপি কোটাও তারা পূর্ণ করেছে। এমপি হিসেবে সংসদ থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে আবার সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা তাদের নিজেদের সঙ্গেই প্রতারণার শামিল।’

আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি এডভোকেট মোঃ আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোজাফফর হোসেন পল্টু, আওয়ামী লীগ নেতা এডভোকেট বলরাম পোদ্দার, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ উপদেষ্টা সৈয়দা রোকেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com