বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলার অন্যতম বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ এখন শিক্ষক সংকট, হোস্টেল ও পরিবহন সমস্যা সহ নানা সমস্যায় জর্জড়িত।
রাঙ্গামাটি পার্বত্য জেলার দূর্গম পাহাড়ি এলাকায় ছাত্র-ছাত্রীরা উচ্চ শিক্ষা লাভের আশায় রাঙ্গামাটি সরকারি কলেজে ভর্তি হলেও কলেজে বিদ্যমান সমস্যার কারনে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
জানা গেছে, মনোরম পরিবেশে ২৪ একর জমির উপর ১৯৬৫ সালে স্থাপিত হয় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাঙ্গামাটি সরকারি কলেজ। ১৯৮৯ সালে রাঙ্গামাটি সরকারি কলেজটিকে বিশ্ববিদ্যালয় কলেজ হিসেবে উন্নীত করা হয়।
বর্তমানে কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণী ছাড়াও বাংলা, ইংরেজি, বিজ্ঞান, বাণিজ্য বিভাগসহ ১৩টি বিষয়ে অনার্স মাষ্টার্স কোর্স চালু রয়েছে। আর বর্তমানে মোট ১২ হাজার শিক্ষার্থী রাঙ্গামাটি সরকারি পড়ালেখা করছে।
ছাত্র-ছাত্রীদের দুটি হোস্টেল পরিত্যক্ত। কলেজে অধ্যয়নরত হাজারো শিক্ষার্থীদের জন্য কলেজের কোন নিজস্ব পরিবহন ব্যবস্থা নেই, হোস্টেল সমস্যা, শিক্ষক সংকটের কারণে বিঘ্নিত হচ্ছে নিয়মিত পাঠদান কার্যক্রম। এছাড়া, কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের জন্য নেই কোনো খাবার ক্যান্টিন। এসব সমস্যার দ্রুত সমাধান চায় শিক্ষার্থীরা।
এই কলেজে প্রায় ৫৯ জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ৪৮জন। ফলে শিক্ষক সংকটের কারণে কলেজের পাঠদানের সমস্যাসহ পরীক্ষায় ভালো ফলাফল মিলছে না।
শিক্ষার্থীদের যেখানে পাঠদান দেয়া হয় সে একাডেমিক ভবনটিও প্রায় ঝুঁকিপুর্ণ। কলেজের জন্য ৫তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মিত হলেও জেলা শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে কলেজ কর্তৃপক্ষের কাছে এখনো হস্তান্তর করা হয়নি। এদিকে, কয়েক বছর আগে ৫০-৬০ জন ছাত্রীর জন্য হোস্টেল নির্মাণ করা হলে ও সেটি এখনো চালু হয়নি। অন্যদিকে ছাত্রদের যে হোস্টেল রয়েছে তা অনেক পুরোনো এবং থাকার অনুপযোগী। ফলে দুরদুরান্ত থেকে আসা গরীব শিক্ষার্থীদের আবাসনের সংকটে সম্মুখীন হতে হচ্ছে। কলেজের শিক্ষার্থীরা শিক্ষক সংকটসহ কলেজের সমস্যা উত্তোরণের কর্তৃপক্ষের কাছে দাবী জানিয়েছে।
এব্যাপারে রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মঈন উদ্দীন বলেন, শিক্ষক সমস্যা সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সারা দেশে ২৫জন করে শিক্ষকের পদ সৃজন করার জন্য কাজ করছে। আশা করি এই পদ থেকে আমরাও কিছু পদ পাবো। এতে করে রাঙ্গামাটি সরকারি কলেজের যে শিক্ষক সংকট আছে তা অচিরেই মিটে যাবে। আর ৮০ লাখ টাকার ব্যয়ে ইতিমধ্যে কলেজের সীমানা প্রাচীর নির্মাণের জন্য ভূমি জরিপ করা হয়েছে। কলেজের ৫তলা বিশিস্ট নতুন ভবন নির্মাণ করা হয়েছে তা অচিরেই শিক্ষা প্রকৌশল থেকে কলেজ কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়া হবে। এছাড়া কলেজের যে ছাত্রাবাসটি রয়েছে তা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ছাত্রীদের জন্য যে হোষ্টেল রয়েছে তাও এতদিন বিভিন্ন জটিলতার কারণে চালু করা যায়নি। তবে অচিরেই দুটি হোষ্টেল চালু করা হবে। এছাড়া ৫তলা বিশিষ্ট ছাত্রী হোষ্টেলের জন্য ভূমি জরিপ করে কাজের জন্য টেন্ডার আহবান করা হয়েছে। এই হোষ্টেলটি হয়ে গেলে দূরদূরান্ত থেকে আসা ছাত্রীদের জন্য আবাসন সংকট দূর হয়ে যাবে।
অধ্যক্ষ মোঃ মঈন উদ্দীন বলেন শিক্ষার্থীদের পরিবহন সংকট রয়েছে তা দূর করতে দুইটি বাস প্রদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা হয়েছে।
পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষক সংকট দুরসহ কলেজের অন্যান্য সমস্যা সমাধানের জন্য সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসীরা।