বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল ও তার পরিবারের সদস্যদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দিয়েছে দূর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া সমন্বিত কার্যালয়। উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ এর সত্যতা নিশ্চিত করে বলেছেন, দু’সপ্তাহ আগে এ চিঠি ইস্যু করা হয়েছে।
দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র জানায়, নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত প্রচুর সম্পদ অর্জনের ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়া যায়। এর প্রেক্ষিতে তিনি, তার স্ত্রী ও পোষ্যদের সম্পদের হিসাব চেয়ে চিঠি দেয়া হয়।
দুদকের উপ-সহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ জানান, চিঠি দেয়ার পাশাপাশি তদন্ত অব্যাহত রয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী দুদকের নির্ধারিত ফরমে তার ও পরিবারে সম্পদের হিসাব দাখিল করবেন। এতে অসঙ্গতি পাওয়া গেলে বিধিমোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ মুহুর্তে এর বাহিরে অন্য কোন মন্তব্য করা সম্ভব নয়।
বগুড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান জানান, নির্বাহী প্রকৌশলী কামালের সম্পদের তথ্য চেয়ে দুদক থেকে চিঠি দেয়া হয়েছে। আমরা পৌরসভা সম্পর্কিত তার সম্পদের বিষয়ে যতদূর জানি তা জানিয়ে দিবো।
অভিযোগ প্রসঙ্গে বগুড়া নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল জানান, আগে পৌরসভায় বছরে দুই থেকে আড়াই কোটি টাকা ট্যাক্স আদায় হতো। তিনি সচিবের দায়িত্ব নেবার পর তা বেড়ে বছরে আদায় ৮-৯ কোটি টাকা হয়। নির্বাহী প্রকৌশলী হবার পর পৌরসভায় দূর্নীতির সাথে জড়িত ৫ জনকে চাকরিচ্যুৎ, ২ জনকে সাসপেন্ড ও কোটি টাকা উদ্ধার এবং বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তিনি বগুড়া পৌরসভায় কর্মরত দূর্নীতিবাজদের ষড়যন্ত্রের শিকার হয়েছে। তারা তার বিরুদ্ধে দুদকে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে হয়রানি করছেন। প্রকৃত তদন্ত হলে অবশ্যই সত্যতা প্রকাশ হবে।