বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট ও শাজাহানপুরের কামারপাড়া এলাকায় সোমবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেলআরোহী এইচএসসি পরীক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। পুলিশ ট্রাক দুটি জব্দ করলেও চালক ও হেলপারকে গ্রেফতার করতে পারেনি।
নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুর গ্রামের খাইরুল ড্রাইভারের ছেলে মহাস্থান মাহী সাওয়ার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী রনি মিয়া (২০), গাবতলী উপজেলার দেওনাই সাহাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে হানজেলা ওরফে রাসেল (২৪) এবং শাজাহানপুর উপজেলার চাঙ্গুইর গ্রামের মামুন মন্ডলের ছেলে একটি ওষুধ কোম্পানী বিক্রয় প্রতিনিধি রবিন মন্ডল (২২)।
শিবগঞ্জ থানার ইন্সপেক্টর নান্নু খান ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাসেল এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রনি মোকামতলায় এসএস সমিতি নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। সোমবার সকালে তারা দু’জন একটি মোটরসাইকেলে অফিস থেকে কাজে চন্ডিহারা যাচ্ছিলেন। দ্রুতগতিতে বেলা ১০টার দিকে তারা মোকামতলার চৌকিরঘাট এলাকায় পৌঁছলে একটি বাসের সাথে ধাক্কা খেয়ে মহাসড়কে ছিটকে পড়েন। তখন পেছন থাকা পাবনাগামী একটি পাথরবোঝাই ট্রাক পিষ্ট করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। জনগণ ট্রাকটি জব্দ করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।
বগুড়ার শাজাহানপুর থানার এসআই ছাম্মাক হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন মন্ডল সোমবার সকালে বাড়ি থেকে মোটরসাইকেলের কর্মস্থলে যাচ্ছিলেন।পথিমধ্যে ৮টার দিকে তিনি কামারপাড়া গ্রামের রাস্তায় পৌঁছলে ইটভাটার মাটিবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা ট্রাকটি জব্দ করলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে
পৌঁছার আগে স্বজনরা তার লাশ বাড়িতে নিয়ে যান। এ ব্যাপারে শাজাহানপুর ও শিবগঞ্জ থানায় পৃথক মামলা হয়েছে।