বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় বাবা ও শিশু মেয়ে নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার হেদায়েতুল হক (৪৫) ও তার শিশু কন্যা তাজদিকা সওদা সারা (৪) । এই দূর্ঘটনায় তার বড় মেয়ে চতুর্থ শ্রেনীর ছাত্রী তাজনুবা হাফসা (১০) গুরুতর আহত হয়েছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মঙ্গলবার বিকেলে মোটরসাইকেল যোগে হেদায়েতুল হক তার দুই মেয়েকে নিয়ে সাটুরিয়া উপজেলা থেকে মানিকগঞ্জ শহরে আসছিলেন। পথিমধ্যে ঢাকা আরিচা মহাসড়কের সদর উপজেলার জাগীর এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হেদায়েতুল হক ও তার শিশু মেয়ে তাজদিকা সওদা সারা নিহত হয়। গুরুতর অবস্থায় তার বড় মেয়ে তাজনুবা হাফসাকে উদ্ধার করে প্রথমে মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

দূর্ঘটনার পর মহাসড়কের তরা এলাকায় কাভার্ডভ্যানসহ চালক আবদুল কুদ্দুসকেআটক করা হয়েছে বলে তিনি জানান।