বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে বেলুন ফোলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে পাঁচজন আহত এবং সাতটি ছাগলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার চিকাশী ইউনিয়নের ঝিনাই গ্রামে এ ঘটনা ঘটে। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
আহতরা হলেন ধুনট উপজেলার ঝিনাই গ্রামের আব্দুল্লাহর স্ত্রী ছানোয়ারা খাতুন (৫০), তার ছেলে আশাদুল ইসলাম (৩০), ফজলুল হকের ছেলে মিজানুর রহমান (২২), আবুল কালামের ছেলে নজরুল ইসলাম (৩০) ও ফরিদ উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (২২)।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, বগুড়ার গাবতলী উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে ধুনট ও সারিয়াকান্দি উপজেলার বিভিন্নস্থানে মেলা বসে।
ঝিনাই গ্রামের আব্দুল্লাহর ছেলে আশাদুল ইসলাম মেলায় বাচ্চাদের খেলার জন্য বেলুন বিক্রির উদ্যোগ নেন। মঙ্গলবার রাতে তিনি নিজ বাড়িতে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস তুলছিলেন। এ সময় বিকট শব্দের সিলন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা উল্লিখিত ৫ জন আহত এবং সাতটি ছাগল মারা যায়।
এছাড়া টিনের তিনটি ঘর ক্ষতিগ্রস্ত হয়। তবে স্থানীয়দের কেউ কেউ দাবিকরেছেন, আশাদুল রাসায়নিক দ্রব্য দিয়ে সিলিন্ডারের গ্যাস তৈরির সময় বিস্ফোরণ ঘটে। প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বগুড়ার ছিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, আহতরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।
ঝিনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান জানান, দুর থেকে বিকট শব্দ শুনতে পাই এবং ছাইয়ের মতো ধোঁয়া উড়তে দেখা যায়। পরে কাছে গিয়ে দেখি বেলুন ফোলানোর সিলিন্ডার বিস্ফোরনে ৫ জন আহত হয়ে মাটিতে পড়ে আছে এবং বাড়ি ঘর লন্ডভন্ড হয়েছে। এছাড়া বিস্ফোরনে ৭টি ছাগলের মৃত্যু হয়।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে।