বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জে যাত্রীবাহী বাস সড়কের পাশে খাদে পড়ে হেলপারসহ দু’জন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত কয়েকজনকে বিভিন্নহাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার বেলা ১১টার দিকে উপজেলার কিচক হাজিপাড়া এলাকায় মোকামতলা-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) নান্নু খান এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন – বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে দুর্ঘটনা কবলিত বাসের হেলপার শহিদুল ইসলাম (৫০) একই উপজেলা পুটখুর গ্রামের মৃত হাফেজ ফকিরের ছেলে অটো রিকশা চালক দিলবর হোসেন (৪৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া ছেড়ে আসা জয়পুরহাটগামী একটি বাস বুধবার বেলা ১১টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কে শিবগঞ্জ উপজেলার কিচক হাজিপাড়া এলাকায় পৌঁছে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটো রিকশাকে ধাক্কা দেবার পর সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে অটো রিকশা চালক দিলবার হোসেন ও বাসের হেলপার শহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। ফায়ার সার্ভিসের কর্মী ও শিবগঞ্জ থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে। আহত অন্তত ১৫ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা নিয়েছে।