বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় শনিবার সকালে অগ্নিকান্ডে জাতীয় পার্টির কার্যালয়সহ ৮টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলেন। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে তালোড়া পৌর এলাকার স্টেশন রোডে অবৈধভাবে গড়ে উঠা পেট্রোল বিক্রির দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন পাশের আরেকটি পেট্রোল বিক্রির দোকান, জাতীয় পার্টির কার্যালয়সহ ৮টি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় পাশের পেট্রোল বিক্রির দোকান ও মোটরসাইকেল মেকানিক্সের দোকানে থাকা তিনটি মোটর সাইকেল পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দুপচাঁচিয়া ও কাহালু ইউনিট দ্রুত সেখানে আসে। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেন, দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান খান সেলিম, তালোড়া পৌর মেয়র আমিরুল ইসলাম বকুল, থানার ইন্সপেক্টর (তদন্ত) শহীদুল ইসলাম প্রমুখ।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স দুপচাঁচিয়া ইউনিটের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অবৈধভাবে পেট্রোল বিক্রয়ের দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন বলেন, অবৈধভাবে খোলা বাজারে পেট্রোল বিক্রয়ের দোকান থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। শীঘ্রই বিস্ফোরক দ্রব্য আইনের আওতায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে উঠা পেট্রোল ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।