বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সায়দাবাদে সোমবার দুপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর হোসেন (৪২) নিহত ও ১৫ বাসযাত্রী আহত হয়েছে। নিহত সবুর চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গেছে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম জানান, ঢাকা থেকে পাবনাগামী সি-লাইন পরিবহনের একটি বাস দুপুর সাড়ে ১২টার দিকে সয়দাবাদ এলাকায় ট্রাফিক আইন অমান্য করে উল্টোপথে ডিভাইডারের ডান দিক দিয়ে যাচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গ্রামীণ ট্রাভেলসটি উল্টে পড়ে এবং সি-লাইন রোড ডিভাইডারে এসে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও বঙ্গবন্ধু সেতু ট্রাফিক সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ১৬ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় গ্রামীণ ট্রাভেলসের চালক সবুর মারা যান। দুর্ঘটনাকবলিত বাস বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা হেফাজতে রয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।