বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার গাবতলীতে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান মিথেল (২২) নিহত হয়েছেন।
সারিয়াকান্দিতে উপ-নির্বাচনের প্রচারণা শেষে রোববার রাতে ফেরার পথে উপজেলার সোন্দাবাড়ি এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা যান। ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর রফিকুল ইসলাম এর সত্যতা নিশ্চিত করেছেন।
জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলাম ও পুলিশ জানায়, মাহমুদুল
হাসান মিথেল গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার জাংলা ইসলামপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি বগুড়া সরকারি আজিজুল হক কলেজে ভুগোল অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগ কর্মী ছিলেন।
আগামী ২৯ মার্চ বগুড়া-১ আসনের উপ-নির্বাচন। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা রোববার সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলায় প্রচারণা চালাতে আসেন। বগুড়া জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দের সাথে মাহমুদুল হাসান মিথেলও অংশ নেন। প্রচারণা শেষে রোববার রাতে নেতাকর্মীরা মাইক্রোবাস ও মোটর সাইকেলে বগুড়া শহরে ফিরছিলেন।
একটি মোটর সাইকেলে মিথেলসহ তিনজন ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সোন্দাবাড়ি এলাকায় পৌঁছলে একটি বালুবাহী ট্রাক সামনে থেকে মোটর সাইকেলে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে পেছনে থাকা মিথেল রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান। চালক ও অপর আরোহী অক্ষত থাকেন।
মিথেলকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করলে তিনি রাত সাড়ে ১১টার দিকে মারা যান। রাতেই তার মরদেহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের জাংলা ইসলামপুরের বাড়িতে পাঠানো হয়েছে।