বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার ধুনটে বালুবোঝাই ট্রাকের সাথে সিএনজি-চালিত-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেজাউল করিম (৪০) নামে এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার সকালে ধুনট-শেরপুর সড়কের বথুয়াবাড়ি ব্রিজে এ দুর্ঘটনায় চালকসহ সাত যাত্রী আহত হন। ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যবসায়ী রেজাউল করিম বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ উত্তরপাড়ার আবদুল কুদ্দুসের ছেলে।
তিনি বুধবার সকালে ধুনট থেকে অটোরিকশায় শেরপুরে যাচ্ছিলেন। এতে চালক ছাড়াও দুই শিশুসহ সাতজন যাত্রী ছিলেন। বেলা সাড়ে ১০টার দিকে অটোরিকশা বথুয়াবাড়ি ব্রিজে পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি বালু বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো
রিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালকসহ আটজন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পরে রেজাউল করিম মারা যান। ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান জানান, বালুবোঝাই ট্রাক জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।