বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটো রিক্সার সংঘর্ষে দু’জন নিহত ও একজন হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে উপজেলার মাঝিড়া-খরনা বাইপাস সড়কের বেলপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ছিলিমপুর মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন শাজাহানপুর উপজেলার সাজাপুর পশ্চিমপাড়ার সাইফুল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) ও সাজাপুর আকন্দপাড়ার হান্নান মিয়ার ছেলে হাসান বাবু (১৮)। আহত সাজিবুল ইসলাম (১৮) একই গ্রামের নুর আলমের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ইমরান, বাবু ও সাজিবুল এলাকা থেকে একটি মোটর সাইকেলে মাঝিড়া বন্দরের দিকে যাচ্ছিল। রাত ৮টার দিকে তারা বেলপুকুর এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোর সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল নিয়ে পড়ে তিনজন আহত হয়।
পথচারীরা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক ইমরান ও বাবুকে মৃত ঘোষণা করেন। সাজিবুল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শাজাহানপুর থানার ওসি আজিম উদ্দিন বলেছেন, সিএনজি অটো রিকশার সাথে মোটরসাইকেলের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। তবে তারা কোথায় পড়ালেখা করে তা জানা সম্ভব হয়নি ।