বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর পোরশায় চার্জার ভ্যান ও ভটভটি মুখোমুখি সংঘর্ষে ভ্যানের আব্দুল হাকিম (৪৫) ও ছাদিকুল (৩৫) নামে দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় চার্জার চালক মনোয়ার (১৮) আহত হয়েছেন।
আজ সোমবার দুপুর ৩টায় উপজেলার বেজোড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হাকিম উপজেলার ছাওড় ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মৃত চান মুন্সীর ছেলে ও ছাদিকুল একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে। আহত মনোয়ার উপজেলার কুশারপাড়া গ্রামের মাজেদুলের ছেলে।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, হাকিম ও ছাদিকুল সোমবার দুপুরে সরাইগাছি মোড় থেকে চার্জার যোগে বাড়িতে ফেরার সময় সরাইগাছি-আড্ডা রোডের বেজোড়া মোড়ের দিক থেকে আসা ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষে তারা দুজনেই ঘটনাস্থলে নিহত হন।
এসময় আশেপাশের লোকজন চার্জার চালক মনোয়ারকে উদ্ধার করে আহত অবস্থায় পোরশা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভটভটি চালক এখনো পলাতক।