বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শিবগঞ্জে বালুবাহী ট্রাকের চাপায় রাকিব হোসেন (১৬) নামে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকালে উপজেলার কিচক ইউনিয়নের হরিপুর চককানু গ্রামে বালু পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার এসআই শহিদুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাকিব শিবগঞ্জ উপজেলার হরিপুর দক্ষিণপাড়ার খলিলুর রহমানের ছেলে। সে বালু পরিবহণের ট্রাকের হেলপার ছিল।
বুধবার সকালে হরিপুর চককানু গ্রামের বালু পয়েন্টে ট্রাকের চাকার নিচ থেকে জ্যাম খুলতে যায়। এ সময় চালক ট্রাক চালিয়ে সামনের দিকে যেতে শুরু করলে রাকিব চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়।
শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ট্রাক জব্দ করা হয়েছে। চালক ট্রাক ফেলে পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।