বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শাজাহানপুরে করোনাভাইরাস আক্রান্ত হবার খবর পেয়ে আত্মগোপনকারী মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ ইমদাদুল হক মিঠুর স্ত্রী নাজমুন্নাহারও (৩০) পজিটিভ।
তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স।
শনিবার সকালে ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এর সত্যতা নিশ্চিত করেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, সদর উপজেলার শেকেরকোলা গ্রামের আবদুল গোফফার প্রামানিকের ছেলে ইমদাদুল হক মিঠু (৪০) ঢাকায় এরিস্টোফার্মা লিমিটেডের মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ।
তার স্ত্রী বগুড়া শজিমেক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স নাজমুন্নাহার শাজাহানপুর উপজেলার ফুলতলা এলাকায় ভাড়া বাসায় এক ছেলেকে (১২) নিয়ে বসবাস করেন।
মিঠু গত ১০ এপ্রিল ঢাকা থেকে বগুড়ার বাসায় আসেন। ঢাকা ফেরত হওয়ায় স্ত্রীর অনুরোধে তিনি ২৬ মার্চ বগুড়া শজিমেক হাসপাতাল পিসিআর ল্যাবে নমুনা দিয়ে আসেন। ২৮ এপ্রিল সন্ধ্যায় সেখান থেকে দেয়া রিপোর্টে তাকে পজিটিভ উল্লেখ করা হয়।
তিনি জানার পরপরই ছেলেকে নিয়ে আত্মগোপন করেন। ফোন বন্ধ রাখায় উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ ও জনপ্রতিনিধিরা তার (মিঠু) বাসার সন্ধান না পেয়ে বিপাকে পড়েন। অনেক খোঁজাখুজির পর ফুলতলা এলাকায় তার ভাড়া বাসার সন্ধান মেলে।
প্রশাসন তার ফুলতলা ভাড়া বাসাসহ আশপাশের ৪-৫টি বাড়ি লকডাউন করে লাল পতাকা ঝুলিয়ে দেয়।