বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়া ধুনটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী ও নলডাঙ্গা গ্রামে এ ঘটনায় শুধু তাদের পরিবারে নয়; পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
মৃত শিশুরা হলো ধুনট উপজেলার রাঙ্গামাটি গ্রামের ফয়জুল করিম তুহিনের ছেলে ধুনট সরকারি এনইউ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র মঈনুল হাসান মহিদ (১৩) ও নলডাঙ্গা গ্রামের সেলিম মিয়ার ছেলে সাগর হোসেন (৬)।
এলাঙ্গী ইউনিয়নের চেয়ারম্যান এমএ তারেক হেলাল জানান, শিশু মঈনুল হাসান মহিদ গত ২ মে বিলচাপড়ী গ্রামে নানা মোফাজ্জল হোসেনের বাড়িতে বেড়াতে যায়।
সোমবার দুপুরে মঈনুল হাসান মহিদ তার ছোট ভাই ৪র্থ শেণীর ছাত্র জাকির হোসেনকে নিয়ে গ্রামের বাঙালি নদীতে গোসল করছিল। এক পর্যায়ে ছোট ভাই জাকির হোসেন পানিতে ডুবে যেতে থাকে। তখন মহিদ তাকে উদ্ধার করলেও সে গভীর পানিতে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক খোঁজাখুঁজির পর মহিদের মৃতদেহ উদ্ধার করেন।
অপরদিকে সোমবার বিকেল ৪টার দিকে নলডাঙ্গা গ্রামে শিশু সাগর হোসেন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলছিল। অসাবধানতাবশত সে পুকুরে পড়ে গিয়ে ডুবে যায়। পরে প্রতিবেশীরা তার মৃতদেহ উদ্ধার করেন।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা জানান, পৃথক ঘটনায় নদী ও পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।