বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মসজিদের ইমামসহ দুইজন নিহত ও এক ভ্যানযাত্রী আহত হয়েছে।
নিহতরা হলো সলঙ্গা থানার রৌহাটি গ্রামের কালিকাপুর শাহী জামে মসজিদের ইমাম পাষান আলী (৫০) ও রায়গঞ্জ উপজেলার পুর্ব আটঘরিয়া গ্রামের ভ্যানচালক ইসমাইল হোসেন (৪৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের চান্দাইকোনা বাজার এলাকায় দ্রুতগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ইসমাইল হোসেন ঘটনাস্থলেই মারা যায়। এসময় এক ভ্যানযাত্রী আহত হয়। খবর পেয়ে আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভোররাতে একই মহাসড়কের রৌহাটি নামক স্থানে উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস চাপায় মসজিদের ইমাম পাষান আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ইমামের লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে নিহত ভ্যান চালকের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে