বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার চেয়ারম্যান কলোনীতে ভয়াবহ অগ্নিকান্ডে ১৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
খবর পেয়ে রাঙ্গামাটির ফায়ার ষ্টেশনের ৩টি ইউনিট প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে প্রায় প্রায় ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে রিজার্ভ মুখ রাঙ্গামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী নজরুল ইসলামের ভাড়াটিয়া বাসা চেয়ারম্যান কলোনীর একটি রান্না ঘরের চুলা থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরে খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রতন কুমার নাথ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এরপর আগুন সকাল সাড়ে ১০টা নাগাদ সম্পূর্ণ নির্বাপণ করা হয়। আগুন লাগার প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি বলে জানান তিনি।
এদিকে, অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবার বর্তমানে খোলা আকাশের নীচে বসবাস করছে।