বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে পৃথক দুটি ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তাড়াশ উপজেলার ঘরগ্রাম গ্রামের মঞ্জিল সরদার (৬৫) নামে একজন বজ্রপাতে নিহত হয়েছেন। তিনি ওই গ্রামের মৃত: বয়ান সরদারের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে মঞ্জিল সরদার দাওয়াত খেয়ে বাড়ি আসার পথে তার গ্রামের বাড়ি মোড় এলাকা নামকস্থানে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।
এদিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার মহিষলুটি নামকস্থানে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় নাসীর উদ্দিন (৪২) নামে এক অটোভ্যান চালক গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোর রাতে মারা যায়।
সে ওই উপজেলার কালুপাড়া গ্রামের মৃত আবেদ আলীর ছেলে।
এ বিষয়ে তাড়াশ থানার ওসি মাহবুবুল আলম ওই বজ্রপাতে ও ট্রাক চাপায় নিহতের ঘটনা শুনেছেন। তবে এখনও সংশ্লিষ্ট থানায় কোন অভিযোগ আসেনি বলে তিনি উল্লেখ করেন।