বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার দুপচাঁচিয়ায় বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশু চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার ইসলামপুর খাঁ পাড়ায় এ হৃদয় বিদারক ঘটনা ঘটে। শিশু দুটির মৃত্যুতে শুধু তাদের পরিবারে নয়; আত্মীয়-স্বজন ও পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন। মৃত শিশুরা হলো দুপচাঁচিয়া উপজেলার ইসলামপুর খাঁ পাড়ার মাহফুজুর রহমান খানের মেয়ে মোবার্শ্বিরা খান (৪) ও মাসুম খানের ছেলে নিরব খান (৫)। মাহফুজ ও মাসুম আপন ভাই।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে দুই ভাইবোন বাড়ির পাশে পুকুরপাড়ে খেলা করছিল। ধারনা করা হচ্ছে, এ সময় মোবাশ্বিরা পুকুরে পড়ে ডুবে যায়। তখন তাকে তোলার জন্য নিরব পুকরে নামলে সেও ডুবে যায়।
অনেক খোঁজাখুঁজির পর বেলা আড়াইটার দিকে পুকুরে দুই শিশুর মরদেহ ভেসে ওঠে। পরিবারের সদস্যদের আহাজারিতে গ্রামের কেউ চোখের পানি ধরে রাখতে পারেননি।
দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, এক শিশু পুকুরে পড়ে গেলে অপরজন তাকে উদ্ধারে নামে। এতে দু’জনের মৃত্যু হয়েছে। অভিযোগ না থাকায় দুই শিশুর মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে। বাদ আসর জানানো শেষে পারিবারিক গোরস্থানে তাদের দাফন করা হয়।