বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় সিএনজি অটো রিকশা যাত্রী দুই নারী নিহত এবং দু’জন আহত হয়েছেন।
রোববার সকাল ৯টার দিকে উপজেলার কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন হোসেন এ তথ্য দিয়েছেন।
নিহতরা হলেন-বগুড়ার শেরপুর উপজেলার শেরুয়া গ্রামের সুলতান হোসেনের স্ত্রী নীলা পারভিন (৩০) ও ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের জীবন সাহার মেয়ে অর্পিতা সাহা (২৮)। হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন শেরপুরের ইউসুফ আলী (২৭) ও ধুনটের টুকটুকি সাহা (২৮)।
শেরপুর ফায়ার সার্ভিসের সুত্র ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকালে শেরপুরের চান্দাইকোনা থেকে একটি সিএনজি অটোরিকশা যাত্রী নিয়ে বগুড়ার বনানীতে যাচ্ছিল। সকাল ৯টার দিকে সিএনজি শেরপুরের কৃষ্ণপুর যমুনাপাড়া এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় বিপরীতমুখি একটি অজ্ঞাত ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে সিএনজি অটো রিকশা দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলে যাত্রী নীলা পারভিন মারা যান।
আহত অর্পিতা সাহা, টুকটুকি সাহা ও ইউসুফ আলীকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
সিলিমপুর মেডিক্যাল ফাঁড়ির এসআই আবদুল আজিজ মন্ডল জানান, ভর্তি কিছুক্ষণ পর অর্পিতার সাহার মৃত্যু হয়েছে।