বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে শ্যালো চালিত নৌকা ডুবে এক শিশুসহ দু’জন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে ঝড়ে উপজেলার মুলবাড়ি চরের কাছে যমুনা নদীর মাঝে নৌকাটি ডুবে যায়। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা করছিলেন।
কর্ণিবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।
নিখোঁজরা হলো সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের জাউনিয়ার চরের ওসমান গণির মেয়ে মিম আকতার (১২) ও পার্শ্ববর্তী জামালগঞ্জের মাদারগঞ্জ উপজেলার বালুজুড়ি পন্ডিতপাড়ার খলিল মন্ডলের ছেলে ফরিদ উদ্দিন (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া বাজার যমুনা ঘাট থেকে একটি শ্যালো নৌকা ১২ যাত্রী নিয়ে মুলবাড়ি চরে যাচ্ছিল। নৌকাটি মুলবাড়ি এলাকায় মাঝ নদীতে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। এ সময় যাত্রীদের নিয়ে নৌকাটি ডুবে যায়। ১০ জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।
জাউনিয়া চরের মিনা আকতার (৩৫) জানান, তিনি ও বড় মেয়ে রঞ্জনা খাতুন (১৮) উঠতে পারলেও ছোট মেয়ে মিম আকতারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।
মুলবাড়ি চরের সোহরাব বেপারির ছেলে জুয়েল রানা জানান, তার সম্পর্কে ভাই ফরিদ উদ্দিনের কাছে ভুট্টা বিক্রির ১০ লাখ টাকা ছিল। তিনি টাকাসহ নদীতে ডুবে গেছেন।
স্থানীয়দের ধারনা, দু’জনই নদীতে ডুবে ভাটির দিকে ভেসে গেছে।
সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, ১০ জন যাত্রী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও দু’জন নিখোঁজ আছে।
যমুনা নদীতে তীব্র স্রোত রয়েছে। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা নৌকা নিয়ে তাদের ভাটি অর্থাৎ সিরাজগঞ্জের কাজিপুরের দিকে খোঁজ করছেন। বিকাল পৌণে ৫টায় এ খবর পাঠানো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।