বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভদ্রাবতী খালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে শনিবার দুপুরে খালের পানিতে পড়ে রাজু নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
কলেজ ছাত্র রাজু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান স্কুল অ্যান্ড কারিগরি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় সগুনা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহেল বাকী জানান, গ্রামের পার্শ্ববর্তী ভদ্রাবতী খালে কলেজ ছাত্র রাজু বন্ধুদের সঙ্গে মইজাল দিয়ে মাছ ধরতে যায়। রাজু মইজালের দড়ি কোমরে বেঁধে জাল টানার সময় খালের পানির তীব্র স্রোতে ডুবে যায়। এসময় তার বন্ধুরা জালের দড়ি ধরে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।
পরবর্তীতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এমন মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।