বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে মঙ্গলবার দুপুরে যমুনায় নৌকাডুবির ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে আরও চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো মোট নয়জনে।
চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মওদুদ আহম্মেদ জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে চৌহালী উপজেলার খাস কাউলিয়ার চর ও পয়লার চর এলাকা থেকে ৩ জনের ভাসমান লাশ এবং এনায়েতপুর থানার স্থলচর এলাকা থেকে আরও একজনের ভাসমান লাশ উদ্ধার করেছে ডুবুরি দল।
এদের মধ্যে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দহ গ্রামের নূর মোহাম্মদ মিয়ার ছেলে আলম মিয়ার পরিচয় পাওয়া গেলেও বাকী ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল বুধবার দিনভর উদ্ধার অভিযান চালালেও বিকেলে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান স্থগিত রাখা হয়।
আজ বৃহস্পতিবার সকালে আবারো উদ্ধার অভিযান শুরু করে উল্লেখিত চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় এখনও আরো ৯ জন নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন ইউএনও।
উল্লেখ্য মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে।