বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : তিন পার্বত্য জেলায় করোনা ভাইরাসের মধ্যে আরেকটি ভাইরাসের আমরা আক্রান্ত তা হলো অবৈধ অস্ত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।
তিনি বলেন, অবৈধ অস্ত্রধারীদের কারণে আমরা আতংকিত শুধু নয়, জীবনমানও শংকার মধ্যে আছি।
শুক্রবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তত্ত্বাবধান ও পরিবীক্ষন সংক্রান্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এ কথা বলেন।
বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর সভাপতিত্বে সভায় রাঙ্গমাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ মামুন, রাঙ্গামাটি জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম, ডিজিএফআই্’র কর্ণেল মোঃ ইমরান ইবনে এ রউফ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, পুলিশ সুপার মোঃ আলমগীর কবির, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য দীপংকর তালুকদার আরো বলেন, রাঙ্গামাটি জেলা সদর হাসপাতালের পিসিআর ল্যাব, আইসিইউ স্থাপন ও কিডনী ডায়ালেসিস এর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। রাঙ্গামাটি সদর হাসপাতালে এইসব প্রয়োজনীয় সামগ্রী যদি স্থাপন করা যায় তা হলে রাঙ্গামাটিবাসীর চট্টগ্রামে আর যেতে হবে না।
রাঙ্গামাটি জেলায় পিসিআর ল্যাবের জন্য প্রকল্প পাঠানোর অনুরোধ জানিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের
নির্বাহী চেয়ারম্যান (সচিব) পবন চৌধুরী বলেন, পিসিআর মেশিন স্থাপনের বিষয়ে রাঙ্গামাটির মানুষের যে দাবী তা সরকার অবশ্যই পুরণ করবে।
তিনি বলেন, ভেন্টিলেটর মেশিন স্থাপনের ব্যাবস্থা থাকলে আমি ব্যাক্তিগতভাবে ব্যবস্থা করে দেবো। পরে পবন চৌধুরী রাঙ্গামাটি সদর হাসপাতালের জন্য ১০০ পিস এন ৯৫ মাস্ক রাঙ্গামাটি সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেন।