বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে যাওয়া চতুর্থ শ্রেণীর ছাত্রী নিতি আক্তার (১০) এর সন্ধান এখনো মেলেনি।
রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তাঁর সন্ধান করেছে। আজ সোমবার সকালে নিতি আক্তার নদীর স্রোতে ভেসে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিতি আক্তার উপজেলার আটগ্রামের ফজলুর রহমানের মেয়ে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর।
সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী।
সকালে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান।
গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাঁতার কেটে নদীর মাঝ প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।
এ বিষয়ে রাজশাহী ডুবুরি দলের লিডার নুর-নবী বলেন, নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি আমরা নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হব।
তিনি আরো বলেন তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।