বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শুভলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের মাঝে পৃথক পৃথক ভাবে ত্রাণ সহায়তা ও নগদ অর্থ তুলে দিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন ও রাঙ্গামাটি সদর সেনা জোন।
সোমবার সকালে সুভলং ধাইমাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্ষতিগ্রস্থদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ ও বাংলাদেশ সেনাবাহিনী জিওসি ২৪ পদাতিক ডিভিশনের নির্দেশে রাঙ্গামাটি রিজিয়নের তত্ত্বাবধানে রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম ৭৪টি ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানদারদের মাঝে এ খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জনপ্রতি ২ কেজি চাউল, ১টি কম্বল ও নগদ ২ হাজার টাকা প্রদান করা হয় এবং রাঙ্গামাটি সদর জোনের পক্ষ থেকে ২০ কেজি চাউলসহ ডাল, তেল, আটা, লবণ, আলু ও পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ রফিকুল ইসলাম , রাঙ্গামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাশ, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক, সুভলং আর্মি ক্যাম্প কমান্ডার রাজ্জাক, রাঙ্গামাটি সদর জোনের জেডএসও মেজর নাজমুল, বরকল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনসহ সকল প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের বাড়ি-ঘর ও দোকানপাট নির্মাণ করার জন্য টিনসহ সকল প্রকার সহযোগিতা করা হবে।

উল্লেখ্য, রবিবার (১৪ জুন) বিকালে রাঙ্গামাটির বরকল উপজেলায় সুভলং বাজারে ফরেষ্ট অফিস পাশের দোকানের নিচের বাসা থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ফরেষ্ট অফিসসহ ৭৪টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।