বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির ঐতিহ্যবাহী শুভলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকানদারদের মাঝে নগদ অর্থ তুলে দিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।
মঙ্গলবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অর্থায়নে রাঙ্গামাটি জেলা পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় শুভলং ধামাইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙ্গামাটি সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রফিকুল ইসলাম পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া এবং রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক সদস্য সবির কুমার চাকমা।
আরও উপস্থিত ছিলেন সুভলং ক্যাম্প কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক, বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা এস,এম মঞ্জুরুল হকসহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অনান্য সেনা কর্মকর্তারা।
এ সময় রাঙ্গামাটি রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষ থেকে প্রতি ক্ষতিগ্রস্ত পবিরারকে ৫ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ৩০ হাজার টাকা তুলে দেন।
নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে দীপংকর তালুকদার এমপি বলেন, আগুনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতি পুষিয়ে দেয়া সম্ভব নয়। আমরা আপনাদের পাশে থেকে শুধু সাহস যোগানোর চেষ্টা করছি। আপনাদেরকে সাহস নিয়ে আবারো ঘুরে দাঁড়াতে হবে।
আর যারা ব্যাংক ঋণ নিতে আগ্রহী তারা আবেদন করুন, আমরা আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।
উল্লেখ্য, ১৪ জুন বিকালে রাঙ্গামাটির বরকল উপজেলাধীন সুভলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ফরেষ্ট অফিসসহ ৭০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়।