বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে যমুনা নদীতে বালুবাহী বাল্কহেড থেকে পড়ে কামাল হোসেন (৪০) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার পাইকপাড়া এলাকায় যমুনা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ কামাল হোসেন বরগুনা জেলার বাসিন্দা।
সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা যায়নি। সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করে জানান, যমুনা নদী থেকে বালু তোলার সময় কামাল হোসেন বাল্কহেড থেকে হঠাৎ পড়ে যায়।
এ সময় যমুনার প্রচন্ড স্রোত ও ঢেউয়ের কারণে সে তলিয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশেপাশে দিনভর অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে পারেনি।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মনজিল হক বলেন, সন্ধ্যায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়েছে। সকালে রাজশাহী থেকে ডুবুরি দল এসে আবারও অভিযান শুরু করবে।