বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির লংগদু উপজেলা সদরে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-লারমা) সংস্কার গ্রুপের সুজয় চাকমা (২৩) নামে এক সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
লংগদু উপজেলা সদরে জেএসএস কার্যালয়ে (বর্তমান সংস্কারের দখলে) পাশে গোডাউন কোয়াটারে (মঙ্গলবার ১৫ জুলাই) মধ্যরাত দেড়টার সময় এই ঘটনা ঘটেছে।
আহতকে প্রথমে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে প্রাথমিক চিকিৎসার শেষে পরে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আহত সুজয় চাকমা উপজেলার লংগদু সদর ইউনিয়নের দোজরপাড়া এলাকার রাঙ্গাধন চাকমার ছেলে।
সুজয় চাকমা জেএসএস সংস্কারের থানা কমিটির একজন সদস্য বলে সংগঠনের পক্ষ থেকে জানায়।
বুধবার (১৫ জুলাই) ভোর রাতে লংগদু জোনের সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।
জনসংহতি সমিতি (লারমা) সংস্কার দলের লংগদু উপজেলা শাখার সভাপতি অলঙ্গ চাকমা জানায়, গতকাল মধ্যরাতে (সন্তু) গ্রুপ ও ইউপিডিএফ গ্রুপের লোকজন যোগসাজশে অস্ত্র নিয়ে এসে আমাদের উপর হামলা করেছে। আমরা তখন ঘুমাচ্ছিলাম।
আমাদের এক সদস্যকে গুলি করে এবং আমাকে তালা দিয়ে বাইরে পেট্রোল দিয়ে আগুন ধরানোর চেষ্ঠা করে। পরে তারা পালিয়ে যায়।এই ঘটনার জন্য আমরা তীব্র নিন্দা জানাই।
তবে জেএসএস (সন্তু) দলের লংগদু উপজেলার সাধারণ সম্পাদকমনি শংকর চাকমা অভিযোগটি অস্বীকার করেছে। এটা তারা নিজেরাই নাটক সাজিয়ে আমাদের উপর দোষ ছাপাতে চাচ্ছে বলে তিনি জানান।
লংগদু থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ নুর ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গতকাল মধ্যরাতে জেএসএস সংস্কারের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছে এবং তাকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।
তবে এনিয়ে এখনও পর্যন্ত কোন পক্ষ থেকে থানায় অভিযোগ করেনি।