বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার গাবতলীর সাবাসপুরে অতিরিক্ত সিমেন্ট বোঝাই ট্রাকসহ বেইলি সেতু ভেঙে বরঙ্গী বিলে পড়ে গেছে।
শনিবার সকালের এ ঘটনার পর বগুড়া-সারিয়াকান্দি সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, আগামী ৩-৪ দিনের মধ্যেই সেতু চলাচলের উপযোগি করা হবে।
সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয়রা জানান, বগুড়ার গাবতলী উপজেলার সাবাসপুর এলাকায় বগুড়া-সারিয়াকান্দি সড়কে বরঙ্গী বিলের উপর বেইলি সেতু রয়েছে।
৯০ দশকে স্থাপিত সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় ৫ টনের অধিক পণ্যবাহী যান চলাচলনা করতে দু’পাশে সাইনবোর্ড লাগানো হয়। এরপরও ওই সেতুতে অতিরিক্ত সিমেন্ট, পাথর, রডসহ বিভিন্ন মালামাল বোঝাই গাড়ি চলাচল করছিল।
সম্প্রতি সাইনবোর্ড দুটি চুরি হয়ে যায়। শনিবার সকালে চালক ও হেলপার বগুড়া থেকে প্রায় ৩০ টন সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাক নিয়ে সারিয়াকান্দির দিকে যাচ্ছিল। ট্রাকটি গাবতলীর সাবাসপুর এলাকায় সড়ক ও জনপথ বিভাগের ক্ষতিগ্রস্ত সেতু অতিক্রম করার সময় ভেঙে যায়।
এতে ট্রাকসহ সেতু বারঙ্গী বিলে পড়ে যায়। ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক ও হেলপার পালিয়ে যায়। ফলে বগুড়ার সাথে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে জনগণ ও যানবাহনগুলোকে বিকল্প পথে চলাচল করতে হওয়ায় তাদের দূর্ভোগ পোহাতে হচ্ছে।
শনিবার দুপুরে বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আশরাফুজ্জামান জানান, ৩০ টন সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাক উঠায় সেতু ভেঙে গেছে। ট্রাকটিও বিলে পড়ে যায়।
তিনি ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। গাবতলী থানা পুলিশকে নির্দেশ অমান্যকারী ট্রাকটি জব্দ করতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে।
তিনি বলেন, ভেঙে যাওয়া সেতু অনেক পার্টস বিলের মধ্যে পড়ে গেছে। রোববার সকালের মধ্যে ট্রাকটি অপসারণ করা হবে। ঢাকা থেকে সেতুর পার্টস সংগ্রহ করে আগামী ৩-৪ দিনের মধ্যে সেতুটি চলাচলের উপযোগি করা হবে।