বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রাঙ্গামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ও বালুখালি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মায়াধন চাকমা।
শুক্রবার (৩১ জুলাই) রাতে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মায়াধন চাকমাকে গত ২০ জুলাই নিজ বাস ভবন থেকে অসুস্থ অবস্থায় চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ১১ দিন করোনার সাথে যুদ্ধ করে ১২ দিনের মাথায় মৃত্যুবরণ করেন।
আজ শনিবার দুপুরে রাজবাড়ি মহাশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
রাঙ্গামাটি সিভিল সার্জন কার্যালয়ের করোনা সেলের ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানান, মায়াধন চাকমা করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।
আর এই নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনেই সৎকার করা হয়েছে।
মায়াধন চাকমা ২০০৭ সালে রাঙ্গামাটি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ ১৪ বছর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন।