বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় ঝড়ের কবলে পড়ে নৌকা ডুবির ঘটনায় দুই সহোদরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের চককসবা বিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নুরুল্লাবাদ ইউনিয়নের চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ (৬৫) ও রইছ উদ্দিন (৫৫)।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখার জন্য একটি ডিঙ্গি নৌকায় চকদেবীরাম গ্রামের আব্দুল মজিদ, আব্দুর রশিদ, রইছ উদ্দিন, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তর রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের বাতাসপুর যাচ্ছিলেন। তারা চককসবা বিলে পৌছলে ঝড়ের কবলে পড়ে ডিঙি নৌকাটি ডুবে যায়।
এ সময় স্থানীয় লোকজন আব্দুর রশিদ, আব্দুল মান্নান, ভুদু মিয়া ও অন্তরকে উদ্ধার করলেও আব্দুল মজিদ ও রইল উদ্দিন পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা আব্দুল মজিদের লাশ উদ্ধার করে। বিকেল ৬টায় এ সংবাদ লেখা পর্যন্ত রইছ উদ্দিনের খোঁজ পাওয়া যায়নি।
রইছ উদ্দিনের লাশ উদ্ধারের জন্য মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছেছে। রাজশাহী ফায়ার সার্ভিসের আরেকটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার পরিদর্শক তদন্ত তারেকুর রহমান সরকার। তিনি বলেন নিখোঁজ রইছ উদ্দিনের লাশ উদ্ধারে কাজ চলছে।
এদিকে নৌকা ডুবির ঘটনায় দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক এমপি। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।