বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মুলজান এলাকায় পাটুরিয়াগামী একটি বাসের চাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে।
এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মানিকগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত ইয়াসমিন বেগম মুলজান পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ছিলেন। একই দুর্ঘটনায় নিহত হয় ইয়াসমিনের স্বামী হুমায়ন আহম্মেদ। তিনি ঢাকা সিটি কর্পোরেশনে কর্মরত ছিলেন।
নিহতরা মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন।
মানিজগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সিনিয়র জেনারেল ম্যানেজার আব্দুর রশিদ মৃদা জানান, সকালে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং সেক্টরে কর্মরত ইয়াসমিনকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য তার স্বামী হুমায়ন মোটরসাইকেল যোগে অফিসে আসার সময় অফিস গেটের সামনে গোল্ডেন লাইন পরিবহনের একটি দূরপাল্লার বাসের চাপায় পিষ্ঠ হয়ে মারা যান।
এতে দুর্ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন। আর মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার পর ইয়াসমিনকে মৃত ঘোষণা করে দায়িত্বরত চিকিৎসক।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।