বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-নলকা চারলেন আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার শিলন্দা নামক স্থানে বৃহস্পতিবার সন্ধ্যায় বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আব্দুল জব্বার (৩২) নামের এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছে।
নিহত আব্দুল জব্বার রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল গ্রামের হাসান আলীর ছেলে ও পিকআপ ভ্যানের মালিক।
সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, সিরাজগঞ্জ থেকে একটি পিকআপ ভ্যান নলকা যাওয়ার পথে উল্লেখিত স্থানে সন্ধ্যা ৭টার দিকে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে।
এতে পিকআপ ভ্যানের চালক আকতার হোসেন ও মালিক আব্দুল জব্বার আহত হয়।তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আব্দুল জব্বার মারা যান ।
চালক আকতার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান ওসি।