বাংলা হেডলাইনস: নারায়ণগঞ্জের ফতুল্লায় পশ্চিম তল্লায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় শিশু ও মুয়াজ্জিনসহ মোট ১১ জন মৃত্যুবরণ করেছেন।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন আবস্থায় তাদের মৃত্যু হয়।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক সামান্ত লাল সেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, মসজিদে বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন মারা গেছেন। তাদের শরীরের ৯০ থেকে শতভাগ পর্যন্ত পুরে গেছে। হাসপাতালে এখনও ২৬ জন ভর্তি আছেন। তাদের আবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বাংলা হেডলাইনসকে জানান শুক্রবার রাত পৌনে ৯ টার দিকে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাহ জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আগুন লাগে ।
এই বিস্ফোরণে অর্ধশতাধিক মুসল্লি দগ্ধ হয়েছেন।
এদের মধ্যে চল্লিশজনের অবস্থা আশঙ্কাজনক এবং ৩৭জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢা্মকে) হাসপাতালে প্লাস্টিক সার্জারী (বার্ণ) ইউনিটে ভর্তি করা হয়েছে।
এছাড়া এঘটনায় বাকীদেরকে নারায়নগঞ্জের স্থানীয় ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান নারায়ণগঞ্জে স্থানীয় একটি জামে মসজিদের এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭জনকে অগ্নিদগ্ধ অবস্থায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশংকাজনক। শুক্রবার রাতে এশার নামাজের জামায়াত চলাকালে এ বিস্ফোরণ হয়।
মসজিদের ভেতরের এসি বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ হতে পারে। এছাড়া মসজিদের ভেতর দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে ধারণা করছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন সাংবাদিকদের জানান, প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, মসজিদের নিচ দিয়ে যাওয়া গ্যাস লাইনের লিকেজের কারণে মসজিদের ভেতরে গ্যাস জমে যায়। এসময় এসিতে শর্ট সার্কিট হয়ে মসজিদের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সর্ভিসের পরিচালক অপারেশন লে. কর্নেল জিল্লুর রহমান সাংবাদিকদের জানান, মসজিদের নিচ দিয়ে গ্যাসের যে লাইন গেছে সেটি লিকেজ হয়ে থাকতে পারে। এ কারণে বিভিন্ন স্থান দিয়ে গ্যাস বের হচ্ছে। মসজিদের ভেতরও গ্যাসের গন্ধ আছে।
বিস্ফোরণে মসজিদের ভেতরে থাকা ৬টি এসি, ফ্যান, বিদ্যুতের তার, প্যানেল বোর্ডসহ সবকিছু পুড়ে গেছে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।