বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সোনাতলায় সোমবার কাতলাহার ও মধুপুর গ্রামে বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে বাবা-ছেলেসহ তিনজন মারা গেছেন।
এ সময় আহত একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তিনজনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
সোনাতলা থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহিদ হোসেন এর সত্যতা নিশ্চিত করেছেন।
মৃতরা হলেন সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে সিদ্দিক হোসেন (৩৫) ও তার ছেলে মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সিয়াম হোসেন (১০) এবং দিগদাইড় ইউনিয়নের কাতলাহার গ্রামের সুবাস চন্দ্র রায়ের ছেলে কলেজ ভর্তিচ্ছু মেধাবী ছাত্র সুমন চন্দ্র রায় (১৭)।
পুলিশ ও স্বজনরা জানান, সোনাতলা উপজেলার কাতলাহার গ্রামের সুমন চন্দ্র রায় এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ লাভ করেন। তিনি কলেজে ভর্তির অপেক্ষায় ছিলেন। সোমবার সকাল ৯টার দিকে বৃষ্টিপাত হচ্ছিল।
এ সময় সুমন তার জ্যাঠাতো ভাই একই গ্রামের যতু চন্দ্র রায়ের ছেলে সন্তোষ চন্দ্র রায়ের (৪০) সাথে গ্রামের বুড়ারদহ খালে সেতুর নিচে মাছ ধরছিলেন। তখন হঠাৎ বজ্রাঘাতে সুমন নিহত ও সন্তোষ আহত হন। সন্তোষকে উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ইন্সপেক্টর জাহিদ হোসেন জানান, বজ্রাঘাতে নিহত বাবা-ছেলেসহ তিনজনের লাশ দাফন ও সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।