বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া শহরের আল-আমিন কমপ্লেক্সের তৃতীয় তলায় মোবাইল ফোনের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাতে নবাববাড়ি সড়কের ওই মার্কেটে অগ্নিকান্ডে অপপো ও শাওমি কাস্টমার কেয়ারসহ তিনটি দোকান পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি টিম দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দুপুর পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়নি।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ক্ষয়ক্ষতি সম্পর্কে তদন্ত চলছে; পরে এ ব্যাপারে মন্তব্য করা সম্ভব হবে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে শহরের নবাববাড়ি সড়কে আল-আমিন কমপ্লেক্সের তৃতীয় তলায় মোবাইল ফোনের মার্কেটে আগুনের সূত্রপাত হয়।
আগুনের শিখা ও ধোয়া দেখে পথচারীরা ফায়ার সার্ভিসে খবর দেন। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করে। তাদের সাথে পুলিশ সদস্যরা ও স্থানীয় জনগণ যোগ দেন। প্রায় দু’ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
বগুড়া সদর ফাঁড়ির টিএসআই খোরশেদ আলম রবি জানান, ধারণা করা হচ্ছে, অপপোর কাস্টমার কেয়ার সেন্টার থেকে আগুনের সূত্রপাত হয়। পরে অন্য শাওমি ও ক্যাজিকেল নামে একটি দোকানে ছড়িয়ে পড়ে।
বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান, অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে। তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।