বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া ব্রিজের সন্নিকটে ট্রাকচাপায় জহুরা খাতুন (৩৬) নামে এক নারী নিহত হয়েছে।
সে ওই উপজেলার ভুধবাড়িয়া গ্রামের বাবলুর স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছে তার ছেলে জিসান (০৯)।
তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুরের দিকে ছেলেকে সাথে নিয়ে স্থানীয় বাজারে যাওয়ার পথে উল্লেখিত স্থানে রাস্তা পার হচ্ছিলো ওই নারী।
এ সময় পেছন থেকে মাটি বোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ওই নারী নিহত হয়। এতে গুরুতর আহত হয় তার ছেলে জিসান।
পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে এবং জিসানকে উল্লেখিত হাসপাতালে প্রেরণ করা হয়।
নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।