বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ে যারা ব্যবসা করছেন তারা যেন সন্ত্রাসীদের কোন রকম চাঁদা না দেয় সেই বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সাধারণ মানুষসহ সকল ব্যবসায়ীদের কল্যাণে কাজ করে। পাহাড়ের সশস্ত্র সন্ত্রাসীরা ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদা আদায় করে। এসব চাঁদাবাজ ও সন্ত্রাসীদের চাঁদা দেয়া বন্ধ করতে হবে।
তিনি বলেন চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যাতে মানুষকে জিম্মি করতে না পারে সেজন্য সন্ত্রাসীদের ব্যাপারে ব্যবস্থা নিতে সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাঙ্গামাটি শহরের পর্যটন কমপ্লেক্সের প্রবেশ মুখে রাঙ্গামাটি টিম্বার এন্ড ফার্নিচার গ্যালারির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এই বক্তব্য দেন ।
শোরুমের স্বত্তাধিকারি ও রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান প্রমূখ।