বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : এলাকায় জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি ও মিথ্যা অপপ্রচার ও হয়রানি থেকে মুক্তি পেতে সংবাদ সম্মেলন করেছে রাঙ্গামাটির ব্রাক্ষ্মণটিলার এলাকাবাসী।
আজ বৃহস্পতিবার সকালে ৬নং ব্রাক্ষ্মণটিলার নোয়াআদাম এলাকায় স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী মো: ইলিয়াছ ও তার পরিবারের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মো: কাউছার।
এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন চাকমা, শাহানা বেগম, ফরিদ আহম্মেদ, ইন্দু বালা চাকমা, নাহিদা আক্তার, স্বর্ণা গুপ্ত, আনোয়ার হোসেন, মৌসুমী দে, নুরুল নাহারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত এক মাস আগে মো: আলী জিন্নাহ ও তার পরিবার রাতারাতি পাকা দেয়াল নির্মাণ করে সেখানে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়।
আর এই বিষয়ে এলাকাবাসী আপত্তি জানিয়ে জনপ্রতিনিধিদের জানালে সেটি সমাধানে উদ্দেশ্যে বৈঠক বসলেও মো: আলী জিন্নাহ ও তার পরিবার বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে অশোভন আচরণ করায় বিষয়টি অমিমাংসিত থেকে যায়।
আর এর পর থেকে আলী জিন্নাহের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীদের হামলা, মামলা দিয়ে হয়রানি করে চলেছে।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মো: আলী জিন্নাহও তার পরিবার কর্তৃক দখলকৃত সরকারি রাস্তা উন্মুক্ত রাখার জন্য পুরো এলাকাবাসী দাবী তুললেও আলী জিন্নাহ ও তার পরিবার টার্গেট করে দুই তিন জনের নাম জড়িয়ে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।
আমরা এলাকাবাসী আলী জিন্নাহ ও তার পরিবারের এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ১৯ অক্টোবর পৌর কর্তৃপক্ষের অবগতিতে রাস্তার উপর নির্মিত গেইটটি মো: ইলিয়াছ, মো: ইদ্রিস ও মাহ আলম এর পরিবারের সদস্যরা অপসারণ করতে গেলে মো: আলী জিন্নাহ ও তার পরিবার নারী নির্যাতনের সাজানো অভিযোগ তুলে থানায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নাম জড়িয়ে অভিযোগ দায়ের করে।
তাই মো: আলী জিন্নাহ ও তার পরিবারের এই সকল সমাজ বিরোধী কর্মকান্ড ও স্থানীয় এলাকাবাসীদের হামলা ও মামলাসহ জনসাধারণের চলাচলের রাস্তাটি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী।