বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রাঙ্গামাটিতে জেল হত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালনে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
মিলাদ মাহফিল পরিচালনা করেন ওলামালীগের সভাপতি ক্বারী ওসমান গণি।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুসা মাতব্বর, প্রচার সম্পাদক মমতাজুল ইসলামসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
সভায় সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর বাঙালি জাতির ইতিহাসের এক ভয়াবহ কলঙ্কের দিন।
স্বাধীনতা বিরোধীরা ৭৫ এর ১৫ আগষ্ট বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব-পরিবারে হত্যার পর জাতিকে চিরতরে নেতৃত্বশূন্য করতে ৩ নভেম্বর জাতীয় চার নেতাকে জেল খানার ভেতরে নির্মমভাবে হত্যা করে। যা এই ধরণের বর্বরোচিত হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
পরে, জাতির জনক বঙ্গবন্ধুসহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।