বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়ার আদমদীঘির সান্তাহারে ছোট ভাইয়ের সামনে ট্রাকের চাকায় পিস্ট হয়ে মাসুদা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে বগুড়া-নওগাঁ সীমান্ত এলাকা ঢাকা রোডে এ দুর্ঘটনা ঘটে। তারা মৃত আত্মীয়ের দাফন অনুষ্ঠানে যাচ্ছিলেন। পুলিশ ট্রাক জব্দ করলেও এর চালক ও হেলপারকে আটক করতে পারেনি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাসুদা বেগম নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের স্ত্রী। শুক্রবার সকালে নিকটাত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে মাসুদা বেগম ছোট ভাই আকতারুজ্জামানকে সাথে নিয়ে অটো রিকশায় বদলগাছি থেকে তিলকপুর হয়ে নওগাঁ সদরের তাজের মোড়ে যেতে ঢাকা রোডের চারমাথায় আসেন।
অটোরিকশা থেকে নামার পর ভাইবোন রাস্তা পার হবার চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-৩৮৩২) মাসুদা বেগমকে পিস্ট করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
আকতারুজ্জামান বড় বোনের মর্মান্তিক মৃত্যু দেয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়।
সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিসুর রহমান জানান, ঘটনাস্থল নওগাঁ সীমানায় হওয়ায় ওই জেলার পুলিশ ব্যবস্থা নিবেন।
নওগাঁ সদর থানার ওসি সরোয়ারর্দী হোসেন জানান, কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা হয়নি।