বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি: পাহাড়ে অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, ছিনতাই, খুন ও অপহরণ ঘটনা বন্ধে সেনা ক্যাম্প স্থাপনের দাবি জানিয়েছেন রাঙ্গামাটি সিএনজি অটোরিকশা চালক শ্রমিক ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার সকালে রাঙ্গামাটিতে সন্ত্রাসী কর্তৃক অটোরিক্সা চালককে মারধর ও ছিনতাইকৃত সিএনজি উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদসমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ এ দাবি জানান।
রাঙ্গামাটি-মহালছড়ি-খাগড়াছড়ি সড়ক থেকে দুর্বৃত্তরা একটি সিএনজি অটো রিক্সার চালককে মারধর এবং তার সিএনজি অটোরিক্সা ছিনিয়ে নেয়ার ঘটনার প্রতিবাদে রাঙ্গামাটির অটোরিক্সা শ্রমিকরা শহরে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
পরে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় আগামী রবিবারের মধ্যে স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ছিনতাইকৃত সিএনজি অটোরিক্সা উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানানো হয়। তা না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণা দেন শ্রমিকরা।
রাঙ্গামাটি অটোরিক্সা চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি পরেশ মজুমদার, শ্রমিক নেতা আব্দুল হালিমসহ অন্যান্য শ্রমিক নেতারা প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন।
এর আগে রাঙ্গামাটির সিএনজি অটোরিক্সার চালকরা পৌরসভা প্রাঙ্গণ থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে।
সমাবেশ চলাকালে সকাল সাড়ে ৯ টা থেকে ১১টা পর্যন্ত দেড় ঘন্টা শহরে সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধ থাকে। এতে যাত্রীরা কিছু সময় ভোগান্তিতে পড়ে।